জামালপুর সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক-১

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
শনিবার ( ২২ আগস্ট ) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ১০৬৬ সীমান্তের কাছে বারবান্ধা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
রবিবার (২৩ আগস্ট) বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে একই রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কাউনিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, সিম কার্ডসহ আলম মিয়া (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত আলম মিয়া রৌমারী উপজেলার ছোট ধনতলা গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।
ভোরের আকাশ/রই