চাঁদপুরে কোনো মাদক, ইভটিজিং ও চাঁদাবাজের স্থান হবে না: এমপি মানিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, এই চাঁদপুরে কোনো মাদক, ইভটিজিং ও চাঁদাবাজের ঠাঁই হবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক কর্মসূচির ঘোষণা দেন।
দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "আমাদের এলাকার চারপাশের পুকুর ও জলাশয় পরিষ্কার করে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে এবং ৫ সেপ্টেম্বরের মধ্যে সদর ও হাইমচরে ৪ হাজার গাছ রোপণ করা হবে।"
সরকারবিরোধী অপপ্রচারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "একটি মহল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সকল অপশক্তিকে আমরা একসাথে রুখে দেব। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, যেকোনো সমস্যায় প্রশাসনের সহযোগিতা নেবেন।"
স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সরকার এই দুই খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন। জনসভায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টায় চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
ভোরের আকাশ/ এনউব