বাউফলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৭০-৮০ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে দাবি করে রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার যুবক মাঠের বিপরীতে সোমেত মৌলভী বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বাপ-দাদার আমল থেকে প্রায় ৭০-৮০ বছর ধরে তাঁরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। সম্প্রতি রাস্তাটিতে ইটের সোলিং নির্মাণের জন্য পৌরসভা থেকে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ঠিকাদার রাস্তার ওপর নির্মাণকাজের জন্য বালু রাখলে তাতে বাধা দেওয়া হয়। তাঁদের অভিযোগ, বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর মামুন আকন ও তাঁর নানাবাড়ির পক্ষের লোকজন এ কাজে বাধা দেন।
পরিবারগুলোর অভিযোগ, গত ২৫ নভেম্বর দুপুর ১টার দিকে রাস্তাটির চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় রুবেল, তাঁর মা রহিমা বেগম ও হালিমা বেগমের নাম উল্লেখ করে তাঁরা অভিযোগ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী মাহাবুব মৃধা বলেন, “এ রাস্তা আমাদের বাপ-দাদার আমলের। প্রায় ৭০-৮০ বছর ধরে আমরা এটি ব্যবহার করে আসছি। আমাদের পরবর্তী প্রজন্মও এ রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তা বন্ধ করে দেওয়ায় ছোট ছোট শিশুদের স্কুল-কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে। আমরা কষ্টে দিন কাটাচ্ছি। এ সমস্যার সুষ্ঠু সমাধান চাই এবং রাস্তাটি পুনরায় ব্যবহারের সুযোগ চাই।”
হোসনে হারা বেগম বলেন, “জন্মের পর থেকেই আমরা এ রাস্তা ব্যবহার করে আসছি। কিন্তু এখন আমাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে।” এ সময় তিনি সাবেক কাউন্সিলর মামুন আকনের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেন। তাঁর দাবি, রাস্তা নিয়ে প্রতিবাদ করায় তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
মানববন্ধনে শফিকুল মাস্টার বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে এমন বিরোধ অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর মামুন আকন বলেন, “এটি আমার রেকর্ডীয় সম্পত্তি। আমার সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নিতে দেব না। তবে পাশে সরকারি হালট রয়েছে, সেই জায়গা দিয়ে রাস্তা হলে আমার কোনো আপত্তি নেই। কাউকে কোনো ধরনের হুমকি দিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
ভুক্তভোগী পরিবারগুলো বিষয়টি তদন্ত করে দীর্ঘদিনের চলাচলের পথের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিরোধের স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/রই