ফকিরহাটে কৃষক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের নিয়তির মাঠ সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাদল মোড়ল (৪৫) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আড়পাড়া গ্রামের মৃত মোজাফফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মোড়ল (৪৪) একই গ্রামের মৃত নুর ইসলাম মোড়লের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ও তার সঙ্গী আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে ফকিরহাট থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে সোনাখালী গ্রামের নিয়তির মাঠের কোণে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আব্দুল্লাহ মোড়লের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে বাগেরহাট জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসফউদ্দৌলা জুয়েল তার ফেসবুক পোস্টে বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
ভোরের আকাশ/ র.ই