নওগাঁর সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩

নওগাঁর সাপাহার উপজেলার ভাবুক গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে এক পক্ষের নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবুক মৌজার ৭২ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মৃত তামুজ উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও জালাল উদ্দীনের ছেলে আইনুল ইসলামের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সাইফুল ইসলামের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে প্রবেশ করেন । এ সময় তারা সেখানে থাকা আমগাছ কেটে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে আইনুল পক্ষের বাবুর স্ত্রী নুরজাহান, মৃত ইউসুফের স্ত্রী ফিরুজা এবং ইউসুফের ছেলে মোজাম্মেল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর।
অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে । সাপাহার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/এনউব