সৈয়দপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত মেসার্স এমএইচই ব্রিক নামক ইটভাটায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে কৃষিজমির উপরিস্থ উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়া এবং লাইসেন্স ব্যতিরেকে ইট উৎপাদনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ রায়হান উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশ ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রসিকিউশন দেন আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী।
পরিবেশ অধিদপ্তর জানায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে টপ সয়েল কাটার মতো পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানায়।
ভোরের আকাশ/এসএইচ