কুষ্টিয়ায় ৪টি আসনে সুষ্ট নির্বাচন চলছে

কুষ্টিয়ার ৪টি আসনে সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকালে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সেসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীর বুজরুক দূর্গাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমারখালী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। কেন্দ্রগুলোতে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। দুপুরের পর ভোটার উপস্থিত আরও বাড়বে বলে আশা করছেন কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা কর্মকর্তারা।
জেলার চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। জেলায় ১৪২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে জেলার ৪টি আসনে নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে সেনাবাহিনী,পুলিশ, র্যাব, বিমানবাহিনী, বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
কুষ্টিয়া-৩ আসনের (সদর) জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া ইসলামীয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। দুই দলের প্রার্থী ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
ভোরের আকাশ/ র.ই