কুষ্টিয়ায় নান্না-নবাবের নামে রেস্তোরাঁ, অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানি ও নবাব বিরিয়ানির নাম ও সাইনবোর্ড ব্যবহার করে কুষ্টিয়া শহরে গড়ে উঠেছে একাধিক নামসর্বস্ব রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার পরিবেশন, অতিরিক্ত দামে খাবার বিক্রি ও ক্রেতাদের সঙ্গে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। একই অভিযোগ রয়েছে ‘হাজী কাচ্চি ডাইন’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও।
অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে নান্না বিরিয়ানি, নবাব বিরিয়ানি ও হাজী কাচ্চি ডাইন নামে পরিচালিত এসব প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকার মূল ব্র্যান্ডগুলোর কোনো বৈধ সংযোগ বা অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই শহরের বিভিন্ন এলাকায় এসব রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আকর্ষণীয় সাইনবোর্ড ও প্রচারণার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা এসব প্রতিষ্ঠানে খাবার কিনে প্রতারিত হচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী শরিফুল ইসলাম রাজা, জিয়াউল হক ও রিমন নামের আরও দুই ভুক্তভোগীর অভিযোগ, খাবারে টেস্টি সল্ট ও রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, রেস্তোরাঁগুলোর রান্নাঘর ও হেঁসেলের পরিবেশ অত্যন্ত নোংরা। ফ্রিজের অবস্থাও অপরিচ্ছন্ন। এমনকি বাসি ও পচা খাবার পুনরায় প্রক্রিয়াজাত করে পরিবেশন করা হয় বলেও অভিযোগ রয়েছে। খাবারের মধ্যে পোকা পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। ফারজানা আহমেদ নামে এক নারী অভিযোগ করেন, এসব রেস্তোরাঁ থেকে কাচ্চি খাওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
‘হাজী কাচ্চি ডাইন’-এর বিরুদ্ধেও অভিযোগ
‘হাজী কাচ্চি ডাইন’-এর বিরুদ্ধেও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও ক্রেতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তৌকির আহমেদ জানান, গত ৪ সেপ্টেম্বর তিনি চিকেন বিরিয়ানি অর্ডার করেন। প্যাকেট খোলার পর তিনি দেখতে পান, চিকেনের হাড়ে প্রায় কোনো মাংস নেই, আলু গলে গেছে ও ভাত পুড়ে গেছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানের ম্যানেজার তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে হাজী কাচ্চি ডাইনের ম্যানেজারের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে খাবারে ‘ফুড কালার’ ব্যবহারের কথা স্বীকার করেন। গ্যাস সিলিন্ডার ব্যবহার করে নিয়মিত রান্না করা হলেও ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না জানতে চাইলে তিনি সব কাগজপত্র থাকার দাবি করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অন্যদিকে, নিম্নমানের ও পচা-বাসি খাবার বিক্রির অভিযোগের বিষয়ে নবাব বিরিয়ানির ম্যানেজারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে প্রতিবেদকের সঙ্গে দেখা করতে বলেন। তিনি বলেন, অভিযোগের কারণে তাঁদের জরিমানা হচ্ছে এবং বিষয়টি নিয়ে পত্রিকায় লিখতে পারেন।
স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, অস্বাস্থ্যকর, পচা ও রাসায়নিক মিশ্রিত খাবার মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এসব খাবার খেলে পেটের পীড়া, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের নিয়মিত অভিযান পরিচালনার কার্যক্রম রয়েছে। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর নির্দিষ্টভাবে হোটেল-রেস্তোরাঁয় কতটি অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
পরিবেশ ও খাদ্য অধিদপ্তরের সজীব পাল জানান, তাঁদের অভিযান চলমান রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত কঠোর অভিযান দাবি করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা।
ভোরের আকাশ/সু.পা