কুষ্টিয়ায় ওয়েস্ট জোনে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে সিবিএর মানববন্ধন

কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ বন্ধ করে স্থায়ী জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রতিষ্ঠানটির সিবিএ (পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ) নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে গত ১৭ বছরে ওজোপাডিকো লিমিটেড কোনো কারিগরি লোকবল নিয়োগ না হওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বহিরাগতদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটিতে দক্ষ জনবল তৈরির সুযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা এবং এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও দাবি করা হয়, আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রয়োজনীয় জবাবদিহি ও দক্ষতার ঘাটতি থাকায় বিদ্যুৎ বিতরণ ও গ্রাহকসেবায় ঝুঁকি বাড়ছে। এ ধরনের নিয়োগ বাতিল করে দ্রুত স্থায়ী জনবল নিয়োগ দেওয়ার দাবি জানান সিবিএ নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি আব্দুল লতিফ, সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আশরাফুল হায়দার, রকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা পারভিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সিবিএ মানববন্ধনে বক্তারা জানান, পূর্বেও আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হলেও অজ্ঞাত কারণে সম্প্রতি বিভিন্ন দপ্তরে টেন্ডার আহ্বান করা হয়েছে, যা প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী। তারা বিদ্যুৎ বিতরণব্যবস্থাকে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব রাখতে দ্রুত স্থায়ী জনবল নিয়োগের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।
ভোরের আকাশ/তা.কা