গাইবান্ধায় ফুল দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘাসফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজু মিয়ার বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ও শিশুটির পরিবারের অভিযোগ, গত ১৪ আগস্ট ঘাসফুল দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন প্রতিবেশী রাজু মিয়া। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে বাড়িতে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরদিন ১৫ আগস্ট শিশুটির বাবা মধু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। তবে পরিবারের দাবি, মামলা দায়েরের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একটি শিশুর সঙ্গে এমন গুরুতর অভিযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রাজু মিয়াকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে অভিযুক্ত রাজু মিয়া পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, 'অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'
এলাকাবাসীর দাবি, শিশুটির সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
ভোরের আকাশ/ এনউব