নবাবগঞ্জে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী, দুইজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নবাবগঞ্জ থানার পক্ষ থেকে শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স ৩ জুলাই রাত ১০টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং মাদক বিক্রির ৩১ হাজার ৪০০ টাকা নগদসহ আটক করা হয়।
একই অভিযানে বিভিন্ন মামলার দুইজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন (২০), ফজল (২৯), রুহুল আমিন ওরফে মামুন, মোসলেম, মুহিল হোসেন, কলিম উদ্দিন, জুলু গাজী, জিসান এবং মো. পনির। তাদের সবার বাড়ি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভোরের আকাশ/ এনউব