কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চর কালকিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সমাজসেবক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
স্থানীয় স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভুয়া ও পুরোনো ছবি-ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের।
খোঁজ নিয়ে জানা গেছে, হুমায়ুন কবির খান এলাকায় একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ও গ্রহণযোগ্য সমাজসেবক হিসেবে পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর কালকিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) পদে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই একটি প্রভাবশালী চক্র তাঁকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে চক্রান্তে লিপ্ত হয়।
অভিযোগ রয়েছে, নির্বাচনে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মহলটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও অসত্য তথ্য সরবরাহ করছে। সম্প্রতি কিছু স্থানীয় অনলাইন পোর্টাল ও ফেসবুকে নির্জন স্থানে ইলিশ বিক্রির পুরোনো ছবি ও ভিডিও যুক্ত করে তাঁকে মেঘনা নদীতে অবৈধ মাছ শিকারের সাথে জড়িয়ে সংবাদ প্রকাশ ও পোস্ট করা হয়।
তবে হুমায়ুন কবির খান ও তাঁর সমর্থকদের দাবি, প্রকাশিত ছবি ও ভিডিওগুলো সম্পূর্ণ পুরোনো এবং অন্য কোনো সময়ের। অবৈধ ইলিশ শিকার বা কেনাবেচার মতো কোনো অসাধু ও বেআইনি কর্মকাণ্ডের সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কাল্পনিক গল্প সাজিয়ে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে হুমায়ুন কবির খান বলেন, আমার ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতায় আতঙ্কিত হয়ে একটি মহল সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে এই চক্রান্ত বাস্তবায়ন করছে। আমি এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষকে এসব গুজব ও মিথ্যা সংবাদে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ডিমওয়ালা মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশব্যাপী সাগর ও নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী এলাকাও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
ভোরের আকাশ/সু.পা