গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: আটক ১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী রাশেদুল ইসলামের সাথে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে মকবুল হোসেনের বিরোধ চলছিল। আজ সকালে রাশেদুল ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে যায়। এ সময় ঘটনাস্থলে মকবুল হোসেন উপস্থিত হয়ে রাশিদুল ইসলামের সঙ্গে কথা বলতে থাকে। এক পযার্য়ে তারা মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা করে মারধর করে। এতে ঘটনাস্থলেই মকবুল হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)। তাঁরা সবাই দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন,' জমি নিয়ে বিরোধের জেরে মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে নেয়া হচ্ছে।'
ভোরের আকাশ/সু.পা