কেশবপুর
মৎস্য ঘেরে মুরগির বিষ্টা ব্যবহার করায় জরিমানা

যশোরের কেশবপুরে মাছের ঘেরে খাদ্য হিসেবে ক্ষতিকর মুরগীর বিষ্টা ব্যবহার করার অপরাধে ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ বস্তা বিষ্টা জব্দ করার পর তা বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার সন্নাসগাছা গ্রামের ঘের মালিক মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তার মৎস্য ঘেরে মাছের খাদ্য হিসেবে মুরগীর বিষ্টা ব্যবহার করে আসছেন।
সোমবার (১৯ জানুয়ারি) এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ সঙ্গীয় থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘেরে মুরগীর বিষ্টা দেওয়ার সময় ঘেরের ম্যানেজার দেবাশীষসহ প্রায় ৫০ বস্তা মুরগির বিষ্টাসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। এসময় ঘেরের অপখাদ্য দেওয়ার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ অনুযায়ী ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিতভাবে জরিমানার টাকা আদায় করেন।
উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, পল্ট্রির বিষ্টা মানব দেহের জন্য মারাত্নক ক্ষতিকর। এর ব্যবহারে মাছের দেহে ব্যাকটেরিয়া তৈরি করে। এ মাছ খেলে মানুষের শরীরে জটিল রোগ সৃষ্টি করে। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্টা ব্যবহার করার অপরাধে ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মুরগির বিষ্টা বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/র.ই