নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার ৩ নম্বর আসামি সবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সবিরকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবির সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াবদা কলোনি এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে।
র্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় ইত্তেহাদ টাওয়ারের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় সাহেব আলীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাহেব আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৩ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে র্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে সবিরকে গ্রেপ্তার করে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আল তোরাবী জানান, অপরাধীদের গ্রেপ্তারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব কাজ করে যাচ্ছে।
সাহেব আলী হত্যা মামলার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব