দিনাজপুরের নবাবগঞ্জে তরমুজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

দিনাজপুরের নবাবগঞ্জে তরমুজ চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলায় ২০২৬-২৭ অর্থবছরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২ মৌসুমে এ আয়োজন করা হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস। মাঠ দিবসে কৃষকদের তরমুজ চাষের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। জমি নির্বাচন, বীজ বপন, সার ও সেচ ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা এবং রোগবালাই ও পোকামাকড় দমনসহ অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করে তরমুজ চাষ করলে কৃষকরা ভালো ফলন ও লাভবান হতে পারেন। তিনি কৃষকদের পরিকল্পিতভাবে তরমুজ চাষ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি। পরে মাঠে উৎপাদিত তরমুজ প্রদর্শনের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, মো.আমিনুল ইসলাম, মো.গোলাম রব্বানী, মো.শহিদুজ্জামান, স্থানীয় উপকারভোগী কৃষক, মান্যগন্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।