বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’, চ্যাম্পিয়ন ৫৩তম ব্যাচ

উৎসবমুখর পরিবেশ, টানটান উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফুটবল টুর্নামেন্ট ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা ২০২৬’। রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৫৬তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৫৩তম ব্যাচ। রানার্সআপ হয়েছে ৫৬তম ব্যাচ।
রোববার দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ধুমকেতু ক্লাব মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতিতে জমে ওঠে মাঠের লড়াই। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক সালমান শাহরিয়ার নিবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ ও অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি তুলে ধরেন মো. শেফাউল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন ও সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই উপভোগ্য ছিল। বিশেষ করে ফাইনাল ম্যাচে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের আনন্দ দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার চাপের বাইরে মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় নিয়মিত অংশ নেওয়ার পরামর্শও দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আগের ছয়টি ম্যাচের ছয়জন সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহি। আর পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আহাদ। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের সব বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।
ভোরের আকাশ/সু.পা