দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা সচলতার বিষয়ে খোঁজখবর নেন। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে আসেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ বাবুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওসি এইচ এম শাহীন জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে সম্পন্ন হতে পারে সেজন্য দেবহাটা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি সতর্ক করেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পুলিশের এমন আগাম নিরাপত্তা তদারকি ও সশরীরে উপস্থিতি প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
ভোরের আকাশ/আ.র