কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও গোলাবারুদ ফেলে সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে গেছে বনদস্যু দলের সদস্যরা।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভশিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর (বুধবার) রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকেই হাতেনাতে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দস্যুদের ফেলে যাওয়া ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেঃ কমান্ডার শওকত আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরকারের নির্দেশনা, জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র