চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন, স্যালু মেশিনসহ ৩ ডাম্পার আটক

প্রশাসনের অভিযান এড়াতে রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় ভোরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরিচালিত এ অভিযানে বালুভর্তি তিনটি ডাম্পার ট্রাক আটক এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি স্যালু মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় সংশ্লিষ্টরা দিনের পরিবর্তে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করছেন বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ভোরে অভিযান চালানো হয়।
অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফোরকানের বালুমহল এলাকা থেকে একটি এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীছড়া এলাকা থেকে পালানোর চেষ্টাকালে আরও দুটি বালুভর্তি ডাম্পার আটক করা হয়।
একইদিন সাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহপাড়া এলাকায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। শাহপাড়া থেকে ফেরার পথে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটাখালী ব্রিজের দক্ষিণ পাশে নদীতে বসানো আরও দুটি স্যালু মেশিনের খবর পেয়ে একটি জব্দ এবং অপরটি ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর, থানা পুলিশ, আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের অভিযান এড়াতে কেউ রাত বা ভোরে বালু উত্তোলন করলেও ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত স্যালু মেশিন ও বালু পরিবহনের সঙ্গে জড়িত যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র