নাজিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পিরোজপুরের নাজিরপুরে গাজাসহ পিতা তার সন্তানকে হাতেনাতে ধরে নাজিরপুর থানায় ফোন দিলে ওই যুবককে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী।
মাদকাসক্ত যুবক উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের বুড়িখালী এলাকার আনসার সেখ এর ছেলে। গাজা সেবনের পাশাপাশি নাঈম মাদক বিক্রির সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
নাজিরপুর থানা পুলিশের উপসহকারি পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি খুচরায় বিক্রিও করেন। তাঁর অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। নাঈমের বাবা বাধা দিলে না শুনলে তিনি স্থানীয় চৌকিদার মো. এনামুল হককে খবর দিলে সে এসে পুলিশকে খবর দেয়, এ সময় নাজিরপুর থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শপথ বৈরাগী ঘটনাস্থলে এসে নাঈমকে গ্রেপ্তার করে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে যেয়ে মাদকদ্রব্য আইন ২০১৮ ৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ আল মাহামুদ ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে একটি ফোর্স পাঠাই৷সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন সঙ্গে ১০০ শত টাকা জরিমানা করেন।
ভোরের আকাশ/জাআ