সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের ৬৫ সদস্যদের কাছ থেকে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ১০৩ টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্র সহ ৮টি ওয়াকিটকি।
সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, পাবনা জেলার সাথিয়া ও আতাইকুলা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর এসআরবি-১২ এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা দলের সদস্যরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকৃত চরমপন্থী সর্বহারা দলের সদস্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/রই