সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের হাতে একটি তার কাটার প্লাস পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর (পশ্চিমপাড়া) এলাকায় একটি জমির মধ্য থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সজিব মিয়া টিঘর (পূর্বপাড়া) গ্রামের কামাল মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ভোরের আকাশকে জানান, স্থানীয়রা সকালে জমির মধ্যে বাঁশের খুঁটিতে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে কোনো এক সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মরদেহটি পানির মধ্যে উপুড় হয়ে ছিল। নিহতের হাতে থাকা তার কাটার প্লাস দেখে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ভোরের আকাশ/তা.কা