শিক্ষকরা অন্য পেশায় জড়ালে অনুমতি লাগবে: শিক্ষামন্ত্রী

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পূর্ণ সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া জরুরি। সরকারি বিধিমালা অমান্য করে অন্য পেশায় যুক্ত হলে তা শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সুনাম—দুটোই ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগ যাচাই করে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’—এ কথা পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কচুয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
ভোরের আকাশ/এসএইচ