মাদারীপুরে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, গাড়িতে আগুন

মাদারীপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আরও এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুরাইয়া কাজী (১০)। সে ওই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হচ্ছিল দুটি স্কুলপড়ুয়া শিশু। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায় এবং মিম গুরুতর আহত হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে এবং ক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা একজনকে আটক করে স্থানীয় জনগণ। পরে গণপিটুনির হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় গুরুতর আহত আরেক শিশু মিম কাজী (১২) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকার মামুন কাজীর মেয়ে।
স্থানীয়দের অভিযোগ করে জানান, গাড়িচালকসহ প্রাইভেটকারে থাকা যাত্রীরা সবাই নেশাগ্রস্ত ছিল। তাদের সবার বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। বেপরোয়া গতি ও অভিজ্ঞতার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়রা একজনকে আটক করে আমাদের হাতে দিয়েছে।
প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় এবং পালিয়ে যাওয়া যাত্রীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে।
ভোরের আকাশ/জাআ