গাজীপুরে দুই জনের আগুন পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রমের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবক ও সদর উপজেলার ভবানীপুর গ্রামে নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনকেই হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়ানো হয়েছে বলে ধারনা পুলিশের।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বৃন্দাবন এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সাথে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। গতকাল সন্ধ্যায় তারাবির নামাজ পড়তে গিয়ে সে নিখোঁজ ছিল। অপরদিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারী বনের রাস্তার পাশে ফেলে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়েছে। মরদেহ পুড়াতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্তের পাশপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে। থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করবো এবং পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোন লোক মিসিং আছে কিনা সেটা আমরা খবর নিয়ে দেখবো।
অপরদিকে, স্বজনদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) রাত ৯ টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা রাতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/ র.ই