নগরকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৫জুন) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এপাচি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩), পিতা জাহিদ মাতুব্বর, গ্রাম চক নাওডুবি, নগরকান্দা, ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বর (২২), পিতা কাওসার মাতুব্বর, গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনই নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহন বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/এনউব