পিরোজপুরে আইসক্রিম কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

পিরোজপুর সদর উপজেলার রানীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও বিএসটিআই অনুমোদন ছাড়াই নামি-দামি মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করার দায়ে 'রনি আইস্ক্রিম কারখানায়' এক লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।
এ সময় কারখানা মালিক পক্ষের মোহাম্মদ রাকিবকে (২২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর দণ্ডবিধিতে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামী তৎক্ষনাৎ অর্থদণ্ড পরিশোধ করায় অনাদায়ের কারাদন্ড মওকুফ করা হয়।
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমীন জানান, মেসার্স রনি আইস্ক্রিম নামক একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকারক রং, ফ্লেবার ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নামি-দামি মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে আসছিল।
আমরা আজকে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদনহীন রং ও ফ্লেবার, চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়েছে।