সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের কর্মচারী ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, চায়না দুয়ারির মতো নিষিদ্ধ জালে মাছের পোনা ও ছোট জলজ প্রাণীও নির্বিচারে আটকা পড়ে। মৎস্যসম্পদ রক্ষায় নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই