দিনাজপুরে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ মেড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা এবং বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বক্তব্যে বলেন, বিজিবি সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নিয়ন্ত্রণে সর্বদা কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি মানবিক সেবামূলক কাজ হিসেবে সীমান্তে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। এ ধরনের মানবিক সেবামূলক কাজ করতে পেরে আমরা গর্বিত মনে করছি। আগামীতে এধরণের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী প্রমুখ।
বিজিবি জানায়, এক হাজার ২০০ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে শীতবস্তু বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০০শ পিস কম্বল, ৩০০শ পিস শিশু পোশাক ও ৪০০শ পিস সুয়েটার-জ্যাকেট বিতরণ করা হয়।
সূত্রটি আরো জানায়, একই সময় বিজিবি'র নিজস্ব ব্যবস্থাপনা ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ওই এলাকায় প্রায় ৭শত দরিদ্র জনগোষ্ঠী রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ