উপকূল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্ট গার্ড পূর্ব জোনের কার্যকর ভূমিকা

দেশের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা, নদীতীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং দুর্যোগকালে মানবিক সহায়তায় সংস্থাটি উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ ও উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের ফলে চট্টগ্রাম বন্দর বর্তমানে ঝুঁকিপূর্ণ বন্দর তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ডাকাত ও সন্ত্রাসবিরোধী অভিযানে ৯৯টি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩৯টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৩১০ রাউন্ড তাজা গোলা ও ১২৯ রাউন্ড ফাঁকা গোলাসহ ১১০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়েছে।
একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩৫ লাখ ৯২৪ পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচা পাউডার, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), বিপুল পরিমাণ বিদেশি মদ, বাংলা মদ ও গাঁজাসহ মোট ১৪০ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার কেজি জাটকা ও ২২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সরকার নির্ধারিত মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ড ‘রৌপ্য পদক–২০২৫’ অর্জন করেছে।
অবৈধ পাচার প্রতিরোধে পরিচালিত অভিযানে বহিঃনোঙ্গর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে জ্বালানি তেল, ভোজ্য তেল, অকটেন, রং ও থাইল্যান্ডে প্রস্তুত নিষিদ্ধ সাদা চাল জব্দ করা হয়।
একইসঙ্গে মিয়ানমারে পাচারকালে স্বর্ণ, সিমেন্ট, ইউরিয়া সার, সিগারেটসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় ও ইলেকট্রনিক পণ্য উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, জনসচেতনতা কার্যক্রম এবং মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় নারী, শিশু ও বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বা ডাকাতের কবলে পড়া নৌযান থেকে ১৫৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সদস্য মোতায়েন, চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান এবং প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। সন্দ্বীপ, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে নির্বাচন সংশ্লিষ্ট বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ (জি), বিসিজিএম, পিএসসি, বিএন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে কোস্ট গার্ড সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।”
ভোরের আকাশ/নি. ব