ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নয়ামাটি তবির বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পেন গান ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার দিবাগত (১৩ জুন) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লার নয়ামাটি তবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান এবং পিস্তলের একটি খালি খোসা (ম্যাগাজিন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ অপস্ অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান বলেন, “অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।যেকোনো মূল্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র্যাব কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
ভোরের আকাশ/ইউএম