টাঙ্গাইলে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রীর "দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির আওতায় টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ এর উদ্বোধন করা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, সারা বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সারা বিশ্বটাই কিন্তু এখন তপ্ত গরমে, সারা বিশ্বের বরফ গলছে। সারা বিশ্বের বরফ গলবার কারণে সারা বিশ্বের বরফের ভেতর থেকে যত জার্ম সব বেরিয়ে আসছে, গরম বাড়ছে। আমরা মহাবিপদের দিকে এগোচ্ছি। এই মহাবিপদ থেকে রক্ষা পেতে আমাদের এই গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই। এই গাছের চারা আমাদের রক্ষা করতে পারে।
মন্ত্রী বলেন, গাছ আপনার পরম বন্ধু। গাছ থেকে আপনারা ছায়া নিতে পারবেন। গাছ আপনাকে অক্সিজেন দেয়। যে বাড়িতে প্রচুর গাছ আছে, সেই বাড়িতে অসুখ-বিসুখ কম হয়। অক্সিজেনের কোনো সমস্যা হয় না। মানুষের বাঁচার জন্য গাছ প্রয়োজন। আর সেজন্য আমাদের গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিকল্পনা নিয়েছে। আগামী ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ২৫ কোটি গাছ রোপণ করবেন, ইনশাআল্লাহ। আর সেই ২৫ কোটি গাছ রোপণের অংশ হিসেবে আজকের এই বৃক্ষমেলা।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আসুন আমরা সকলে দেশটাকে বাসযোগ্য করে তুলি। সবুজে আমরা বাস করি। সকলেই আমাদের বাড়িতে, আমাদের বাড়ির রাস্তায়, পুকুর পাড়ে, যেখানে সুযোগ হয় বাড়ির আনাচে কানাচে সবজায়গায় গাছ রোপণ করি। আমরা ভালো থাকি। বাসাইলকে বাংলাদেশকে একটা বাসযোগ্য আগামীদিনে সবুজ বাংলাদেশ হিসেবে আমরা সবুজ বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে তুলি।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী'র সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানশেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্থল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী আয়োজিত বৃক্ষ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে মোট ১১টি স্টল অংশগ্রহণ করছে।
ভোরের আকাশ/ইউএম