যমুনা সেতু অবরোধ করল শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই ব্লকেড কর্মসূচি শুরু করেন।
অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকার দিক থেকে উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী বিপাকে পড়েছেন। প্রতিদিন সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে আজ দুপুরের পর থেকেই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন এবং বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।
এর আগে গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন, যা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে এ আন্দোলন শুরু করেন। এরপর কয়েকদিন বগুড়ানগরবাড়ী মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়।
এ ছাড়া গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়, যাতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের মতো প্রতীকী কর্মসূচিও করেছেন।
ভোরের আকাশ/এসএইচ