কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জেলা কমিটি গঠন

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’ এর আলোকে কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে একটি সমন্বিত, ডিজিটাল এবং মধ্যস্বত্বভোগীমুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক, তথ্য সংগ্রহের পদ্ধতি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড চালু হলে প্রকৃত উপকারভোগীদের একটি নির্ভুল ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে বিতরণ করা সম্ভব হবে এবং মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে আসবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, খুব শিগগিরই জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে পৃথক বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। এরপর মূল তথ্য সংগ্রহকারী, রিজার্ভ তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, আইসিটি সুপারভাইজার এবং জেলা মনিটর নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে জেলার সব এলাকায় তথ্য সংগ্রহ ও ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
ভোরের আকাশ/রই