বদলাচ্ছে বিমানের বহর
কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা

গাজীপুরের কাপাসিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পূজা উদযাপন-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পালের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির নেতা ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান প্রমুখ। সবার শুরুতে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার স্বাগত বক্তব্য রাখেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, পূজামন্ডপ স্থলে যাতায়াতের সুব্যবস্থা করা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/ এনউব