সিরাজদীখানে তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ, আটক দুই নারী

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০) নামে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফা আক্তার (৮), তাহমিনা (৮) ও আয়শা সিদ্দিকা(৯) বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত জান্নাাত আক্তার ও গুলবাহার বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিক্ষার্থী তাহমিনার হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করে জান্নাত। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এলাকাবাসী এগিয়ে শিক্ষার্থী তাহমিনাকে উদ্ধার করেন এবং ওই দুই নারীকে আটক করে পুলিশে দেয়।
আটক জান্নাত আক্তার জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে ,সে বর্তমানে ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। গুলবাহার সিরাজদীখান উপজেলার ইছাপড়া ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন,দুই নারী টাকার লোভ দেখিয়ে তাহমিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাদেরকে আটক করে পুলিশে দেই।
পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি, এরকম ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরকম ঘটনা যাতে আর না ঘটে এইজন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/আ.র