বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ, জিম্মি করে নগদ টাকা, আইফোন ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ লুটের অভিযোগে সাত সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (৩০ জুন) রাতে একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার আদালতে পাঠানো হয়।
মামলার বাদী নজরুল ইসলাম মজুমদারের অভিযোগ অনুযায়ী, ঢাকার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী OmeTV অ্যাপের মাধ্যমে তানিয়া (২২) নামে এক তরুণীর সঙ্গে পরিচিত হন।
পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তানিয়ার অনুরোধে গত ১৮ মে বন্দরের কদমরসুল কলেজের সামনে দেখা করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ৭-৮ জন যুবক তাকে জোর করে নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ২০ হাজার ৮০০ টাকা, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়।
এছাড়া তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাকে শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। পরে সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই