নওগাঁর মান্দায় তালগাছ সাবাড়: গাছের সাথে এ কেমন শত্রুতা?

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর এলাকায় একটি গ্রামীণ রাস্তার দুই পাশের তরুণ তালগাছগুলো কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে । সরকারি কোনো উন্নয়ন প্রকল্প ছাড়াই নির্বিচারে এই গাছগুলো কেটে ফেলায় স্থানীয় পরিবেশ ও বজ্রপাত সুরক্ষায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন ক্ষুব্ধ এলাকাবাসী ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবেশ রক্ষা, বজ্রপাত নিরোধ ও সৌন্দর্যবর্ধনের জন্য বান্দাইপুর রাস্তার দুই ধারে ছোট ছোট অসংখ্য তালগাছ বড় হচ্ছিল । কিন্তু শনিবার রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন রাস্তার দুপাশে সারি সারি গাছ কাটা পড়ে থাকতে দেখে ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেন । এলাকাবাসীর ভাষ্য, সাধারণত রাস্তা প্রশস্তকরণ বা সরকারি কোনো বড় উন্নয়নকাজের জন্য নিয়মতান্ত্রিকভাবে গাছ কাটা বা অপসারণ করা হয়ে থাকে । কিন্তু বর্তমানে এই সড়কে কোনো ধরনের উন্নয়নকাজ চলছে না । এমন পরিস্থিতিতে কার স্বার্থে বা কী উদ্দেশ্যে পরিবেশের বন্ধু হিসেবে পরিচিত এই তালগাছগুলো নিধন করা হলো, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। পরিবেশবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার বড় একটি কারণ তালগাছের মতো উঁচু গাছের অভাব।
গ্রামীণ এই সড়কে বেড়ে ওঠা গাছগুলো স্থানীয় প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।এই নিষ্ঠুর গাছ কাটার ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী । একই সঙ্গে তারা পুনরায় এই সড়কে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান,সরকারি রাস্তা থেকে এভাবে নির্বিচারে তালগাছ কেটে ফেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আইন পরিপন্থী। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ পরিবেশ ও বজ্রপাত সুরক্ষায় এই গাছগুলোর ভূমিকা অনেক। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এনউব