বগুড়ার ৭টি আসনে ৩৯ জনের মনোনয়নপত্র দাখিল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ৭টি সংসদীয় আসনে ৩৯ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়। মোট ৩৯ জনের মধ্যে বগুড়া-১ ও বগুড়া-২ আসনে ৭ জন করে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বগুড়া-৩, বগুড়া-৪, বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে ৫ জন করে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৬ (সদর) আসনে যাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রার্থী দিলরুবা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোঃ মামুনুর রশিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর প্রার্থী আব্দুল্লাহ আল-ওয়াকি।
বগুড়া-৭ আসনে যাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তারা হলেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ গোলাম রব্বানী, বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী মোঃ আনছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এদিকে রিটার্নিং অফিসার কর্তৃক মানোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি’২৬ পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এসএইচ