বিমানবন্দরে সেবার মান অনেক বেড়েছে, কমেছে হয়রানি : বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের সবগুলো বিমানবন্দরে আগের তুলনায় হয়রানি অনেকাংশে কমে গেছে।
বেড়েছে সেবার মান। বর্তমানে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীরা হয়রানি বিহীন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
তিনি বলেন, বর্তমান সরকার যাত্রী সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে এবং যাত্রীরা এর সুবিধা পেতে শুরু করেছে।
শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিমান মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যাত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন নিজের দেশে ফিরে আসার স্বস্তি ও আন্তরিকতা অনুভব করতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে।
তিনি আরও বলেন, বিমানবন্দরগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। এর ফলে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমেছে এবং সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে।
অনুষ্ঠানে হরিজন সম্প্রদায় ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সচেতনতামুলক প্রচার প্রচারণা চালানো হয় দিনব্যাপী এই কর্মসূচিতে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জ জেলা এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখা।
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা:বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: জিয়াউর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আইভীর ফেরদৌস , মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আ ত ম জহির আলম লোদী, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, আলী আশরাফ, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার, শামীম আল মামুন, রফিক উদ্দিন ভূঁইয়া হাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।