বন্যার্তদের সহায়তায় ভূমি প্রতিমন্ত্রীর কাছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অনুদান

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অনুদান দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)।
বন্যাদুর্গতদের সহায়তার জন্য সোমবার (১০ আগস্ট) সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম প্রতিমন্ত্রীর হাতে এ অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে এ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুর্যোগের সময়ে অসহায় মানুষের প্রতি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা করা এবং দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
অনুদান গ্রহণকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করে।
প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ, উদ্ধার ও পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের দেওয়া এ অনুদান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে এবং দুর্গত মানুষের সংকট মোকাবিলায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
ভোরের আকাশ/রই