চার্জে থাকা মোবাইলে গেম খেলতে গিয়ে বিস্ফোরণে আহত ২

লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে থাকা অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, মুঠোফোন বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর আহত শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে থাকা অবস্থায় মুঠোফোনে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মুঠোফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা