শ্রীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে বাড়ি ঘেরাও

গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে আখক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক ভুক্তভোগীর কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে।
ভুক্তভোগী শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।অভিযুক্ত যুবক মো. শফিকুল ইসলাম। বরমী ইউনিয়নের বরমা গ্রামের আব্দুল কাদিরের পুত্র ।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী বরমী ইউনিয়নের বরমা গ্রামে তার প্রবাস ফেরত ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত শফিকুল তার মুখচেপে ধরে জোরপূর্বক একটি আখক্ষেতে নিয়ে ধর্ষন করে এসময় তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ওই যুবক।
ঘটনার সময় দুর্ঘটনাবশত অভিযুক্তের ব্যবহৃত একটি কালো স্ট্র্যাপের স্মার্টওয়াচ (ঘড়ি) ঘটনাস্থলে পড়ে যায়, যা পরবর্তীতে উদ্ধার করা হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
এদিকে, পৈশাচিক এই নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন। পুলিশ ঘটনাস্থgল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনূর আলম জানান, ঘটনাস্থল হতে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগ পাওয়ার সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভোরের আকাশ/সু.পা