গাইবান্ধায় চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০আর ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
গ্রেফতাররা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. শাকিল মিয়া (২৫) এবং একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৫)।
পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে চারজনকে দুটি মোটরসাইকেলসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এ সময় অপর দুইজন পালিয়ে যান।
পুলিশের দাবি, আটক শাকিল মিয়া ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল দুটি চুরি করে আনার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
তারা হলেন গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারদের কাছে মোটরসাইকেল দুটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় পলাতক দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জেআ