প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ক্যাম্পাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভাগীয় সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মেহেরিন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এর মধ্যে বিএসসি ইন ইইই প্রোগ্রাম অন্যতম। অ্যাক্রেডিটেশন অর্জনের পর ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরাই এ প্রোগ্রামের প্রথম ব্যাচ হিসেবে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রমে যুক্ত হওয়ার পাশাপাশি দেশ-বিদেশের সাম্প্রতিক প্রযুক্তি ও জ্ঞান সম্পর্কে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি রোবটিক্স ক্লাব ও আইইইই শাখার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক ইইই বিভাগের বিভিন্ন অর্জন ও প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে নবীনদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন বক্তা মিজানুর রহমান শিক্ষার্থীদের পেশাজীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, অ্যালামনাই, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ ইইই বিভাগের শিক্ষক ও ৩৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র