সুন্দরগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা সেক্রেটারির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. রাশেদুল ইসলাম বাবু।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে তিনি এ আবেদন করেন। এদিকে, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রফেসর চাঁদ মিয়া নামের একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বুুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু। এর আগে গত ৩ অক্টোবর উপজেলা আমির বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি রাশেদুল ইসলাম বাবু। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
পদত্যাগপত্রে রাশেদুল ইসলাম বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য লিখিত আবেদন জমা দেন তিনি।
এদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা সষ্টি না হয়, সে লক্ষ্যে একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু বলেন, আবেদন পেয়েছি। তবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
ভোরের আকাশ/ এনউব