সংসদে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকার জায়গায় দেখতে চায় জনগণ: রহমাতুল্লাহ

সংসদে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকার জায়গায় দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, জনগণ চায় সংসদের সরকার ও বিরোধীদল একসঙ্গে দায়িত্বশীলভাবে কাজ করুক। সরকার সঠিক ও স্বচ্ছভাবে দেশ পরিচালনা করলে এবং বিরোধীদল গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদলের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করাও বিরোধীদলের অন্যতম দায়িত্ব।
বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ ২৪-এর বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণ, দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাফিজ, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আজাদ আলাউদ্দিন, এবং মোহাম্মদ আবদুল আলীম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল। শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগরের নেতা মাষ্টার মিজানুর রহমান।
এদিকে একই দিন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে স্থানীয় সাধারণ শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
অনুষ্ঠানে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
ভোরের আকাশ/নি