জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে পদ্মপুকুর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার। জেলার ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আহত অবস্থায় আরেক যুবকে উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট-২০২৬) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে , তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে যাওয়ার পথে রাস্তায় দুইজনকে দেখতে পান। এসময় তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার এবং আহত মাজেদুল ইসলামকে জীবিত উদ্ধার করেন।
এদিকে আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। পরে রাত গভীর হলে মোটরসাইকেলযোগে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে পাশে থাকা বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।
ভোরের আকাশ/রই