সুনামগঞ্জে ২ কোটি ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে একটি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবি ও প্যান্টের কাপড় এবং শেরওয়ানি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।
রোববার (৩ আগস্ট) সদর উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিকবিহীন একটি কাঠবডি নৌকাসহ জব্দ করা হয়েছে ১ হাজার ২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২ হাজার ২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১ হাজার ৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত টাকা।
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে আরও অংশ নেন বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলাম এবং বিজিডি—৩১৫ এর অধীনস্থ ১৪ জন সদস্য।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত থাকবে।
জব্দকৃত নৌকাসহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ